গুয়াহাটিতে ভূমিস্খলনে হত দুই শিশু, আহত দুই

গুয়াহাটি, ০৭ জুলাই, (হি.স.) : গুয়াহাটির শহরতলি জোড়াবাটের এগারো মাইল এলাকায় ভয়াবহ ভূমিস্খলনে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতরভাবে জখম হয়েছেন দুজন। গত কয়দিনের ধারা বৃষ্টিতে পাহাড়ের জল দ্রুতগতিতে নেমে আসছিল। এরই মধ্যে গতকাল শেষ রাতের প্রবল বৃষ্টি ঘৃতাহুতি দেয়। জলের তোড়ে আজ কাকভোরে পাহাড় সংলগ্ন গার্ড ওয়াল ভেঙে হুড়মুড় করে পড়ে একটি বাড়ির ওপর। ঘরে তখন শিশুকন্যা-পুত্রদের নিয়ে ঘুমে আচ্ছন্ন মা রাধা শর্মা। ঘুমের মধ্যেই মাটির চাই চাপা ঘর আছড়ে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই মারা যায় পাঁচ বছরের নামু ও দশ বছরের বিশাল শর্মা।
ঘরের নীচে তখন আর্ত চিৎকার করছেন মা ও সন্তানরা। প্রতিবেশীরা উদ্ধার অভিযানে নামলেও ব্যর্থ হন। খবর দেওয়া এসডিআরএফ-কে। তাঁরা এসে বের করেন মা রাধাদেবী, তেরো বছরের পূজা-সহ পাঁচ বছরের নামু ও দশ বছরের বিশাল শর্মাকে। সঙ্গে সঙ্গে ছুটে আসে অ্যাম্বুলেন্স। চারদিকে বন্যার জলে সব রাস্তাঘাট বন্ধ। বাধ্য হয়ে গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের বদলে আহতদের নিয়ে যাওয়া হয় সোনাপুর স্বাস্থ্যকেন্দ্রে। এই ঘটনায় সংশ্লিষ্ট অঞ্চলে শোকের বন্যা বইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top